Showing posts with label একা. Show all posts
Showing posts with label একা. Show all posts

Tuesday, 23 June 2009

অভিমান

নাহয় আমি চলেই যাব, অনেকখানি দূর।
তবু মনের মাঝে বাজবে না কি
বাঁধন ছেঁড়ার সুর?
সেই সুরেতে সুর মিলিয়ে
ইচ্ছেগুলো দেয় যে হানা
বন্ধ ঘরে কেঁদেই মরে
ডানা তাদের মিলতে মানা!

নাহয় আমি অবুঝ খুবই চাওয়া-পাওয়ার খেলায়,
তাই কি বসে হিসাব কষি
একলা বিকেলবেলায়?
সোনারঙের বিকেলগুলো
এখন শুধুই হলুদ লাগে;
ঝরাপাতা, ভেজা রুমাল-
তাই কি মনে জাগে?

নাহয় আমি নাই বা হলাম নরম আলোর ভোর,
তাই বলে কি নেইকো কোথাও
একটুখানি জোর?
যে জোরেতে চাইছি আজও
আঁকড়ে ধরতে হাত...
শেষ না হয়ে বেড়েই চলে
আমার দীর্ঘতর রাত।

নাহয় আমি বলেই চলি, কিছুই হয়তো বুঝিস না;
শুধু বৃষ্টি হয়ে ঝরব যখন...
আড়াল খুঁজিস না!

Wednesday, 7 January 2009

অবসাদ

জানি না কি লিখতে চলেছি সকালে উঠে ক্লাসে যাওয়া, ফিরে এসে চান করে খাওয়া, আবার ক্লাসে ছোটা, ফিরে একটু বসতে না বসতেই ডিনারের সময় হয়ে যাওয়া... তারপরে পড়ব না কি করব ঠিক করতে করতেই আবার বাধ্যতামূলক শুয়ে পড়া কিরকম একটা ধরাবাঁধা ছকের মধ্যে জীবনটা আটকে গেছে! আর এই ছক জিনিসটাকেই এড়িয়ে যেতে চেয়েছি সবসময় যতই চেষ্টা করি ছাড়াতে ততই আরো জড়িয়ে যাই রুমমেটের ল্যাপটপে অমিতাভ বচ্চন একটা বারের মধ্যে কয়েকটা লোককে বেধড়ক পিটিয়ে যাচ্ছে সেটা দেখতে দেখতেই মনে পড়ল এক সপ্তাহের ওপর হয়ে গেল আমি কোনো সিনেমা দেখিনি!

Matlab, simulation, BJT, MOS... এইসবের ফাঁকে কোন দিক দিয়ে নতুন আরেকটা বছর চলে এলো! এমনভাবে এল যে আর পাঁচটা দিনের থেকে ওই দিনটাকে এবারেও আলাদা করতে পারলাম না আর এতটাই নিষ্ক্রিয় লাগছে যে বছরের প্রথম লেখাটাই এরকম অবসন্ন, বিষণ্ণ হয়ে গেল একটা কাজের কথা মনে পড়েছে! একটা ফোন করতে হবে ভালোই হল এটাকে কোনো একটা বাহানায় শেষ তো করা যাচ্ছে