Showing posts with label তোকে. Show all posts
Showing posts with label তোকে. Show all posts

Friday, 6 November 2009

লিমেরিক

তোমায় নিয়ে লিখতে বসা কি যে কঠিন কাজ,
মগজ জুড়ে তুর্কি নাচন, কপাল-জোড়া ভাঁজ!
তুমিই আমার কল্পনা
তুমিই আমার জল্পনা
শব্দ দিয়ে কেমন করে বানাই আমার তাজ?


চুলের গোছা মারছে উঁকি- দেখবে বলে মুখ,
গোল্লা চোখে তিরছি নজর ঠোঁট বেঁকানো লুক!
তুমিই আমার কারেনিনা
তুমিই আমার ক্যাটরিনা
মুখোমুখি বসতে গেলেই কাঁপে আমার বুক!


ওয়ালপেপার পাশ-বালিশে তুমিই ছেয়ে আছো-
কাজ থাকলেও মাঝে মাঝেই মাথায় বসে নাচো।
তুমিই আমার মমতা
তুমিই আমার ক্ষমতা
তবুও আমার ঘাড়ে ব্যথা, নই তো তেমন মাচো!

Wednesday, 14 October 2009

দুটো লাইন

"অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে
হৃদি ভেসে গেল অলকানন্দা জলে"

Tuesday, 23 June 2009

অভিমান

নাহয় আমি চলেই যাব, অনেকখানি দূর।
তবু মনের মাঝে বাজবে না কি
বাঁধন ছেঁড়ার সুর?
সেই সুরেতে সুর মিলিয়ে
ইচ্ছেগুলো দেয় যে হানা
বন্ধ ঘরে কেঁদেই মরে
ডানা তাদের মিলতে মানা!

নাহয় আমি অবুঝ খুবই চাওয়া-পাওয়ার খেলায়,
তাই কি বসে হিসাব কষি
একলা বিকেলবেলায়?
সোনারঙের বিকেলগুলো
এখন শুধুই হলুদ লাগে;
ঝরাপাতা, ভেজা রুমাল-
তাই কি মনে জাগে?

নাহয় আমি নাই বা হলাম নরম আলোর ভোর,
তাই বলে কি নেইকো কোথাও
একটুখানি জোর?
যে জোরেতে চাইছি আজও
আঁকড়ে ধরতে হাত...
শেষ না হয়ে বেড়েই চলে
আমার দীর্ঘতর রাত।

নাহয় আমি বলেই চলি, কিছুই হয়তো বুঝিস না;
শুধু বৃষ্টি হয়ে ঝরব যখন...
আড়াল খুঁজিস না!

Saturday, 14 February 2009

যৌথ


অনেক না-বলা অক্ষর লেখা ছিল-
হয়তো তার কিছুটা অশ্লীলও।
অনেক রাতের মত
সে রাতেও চোখে ঘুম সয়নি।
সময় তারিখ লেখা হয়নি।
শুধু মনে আছে সেই রাতে,
হেঁটেছিলাম একসাথে!
আকাশ জুড়ে হলুদ রঙের চাঁদ,
মনের মধ্যে অসময়-কোকিল
যাতে কিছুতেই কাব্য করার ছলে
বলতে না পারি, 'স্বপ্নের রঙ নীল'!

লেখা কি ছিল কিছু? নাকি মনের ভুল?
বাতাসে তোমার মেঘনারঙা চুল...
এ তো বড় রঙ্গ জাদু, এ তো বড় রঙ্গ!
যতই আঘাত আসে তবু দিই না রণে ভঙ্গ।
ইচ্ছে ছিল দেবো সবই,
না না শুনি যত, ইচ্ছেটা যে ততই বাড়ে
দাঁড়ায় এসে সারে সারে মনের কিনারায়।
কিন্তু আমি বাক্যবাঁধা,
তাই তো আমার হাসা-কাঁদা
ঘোরে-ফেরে তোমার ঠিকানায়।

Monday, 9 February 2009

'কাল'বেলা

"শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
শুধু আলো-আঁধারে কাঁদা-হাসা।।"
স্বপ্ন দিয়ে গড়ি তোমায়,
তুমি স্বপ্নে দেখা কন্যে
কমলারঙা এক সন্ধ্যে
পেলাম তোমার জন্যে।
হলদে আলোর লালচে আভা আগুন ধরায় মনটায়
তারই ছোঁয়ায় মুক্তো জমে তোমার চোখের কোণটায়!
ওমনি হঠাৎ কেমন করে
সেই কমলারঙের সাঁঝে
ভারী ব্যাপক বৃষ্টি নামে
আমার বুকের মাঝে।


"শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া,
শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া।।"
তোমার আমার এই যে খেলা
এর নেই কো কোনো শেষ!
তোমারও কি এমনটা
ভাবতে লাগে বেশ?
কান্না-হাসি আঁকতে থাকে সুখ-দুঃখের আঁকা,
তবুও আমার একলাবেলায় বুকটা লাগে ফাঁকা।